প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।

এ সময় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক, সফরের অর্জন ও সার্বিক বিষয় তুলে ধরা হবে।

নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রফতানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংক ও ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও নতুন অংশীদারত্বের সম্ভাবনা তুলে ধরা হয়।

জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়েও একাধিক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য খাতের সংস্কার, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার এবং নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। তিনি নারীনেতৃত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা-সংক্রান্ত অনুষ্ঠানে বক্তব্য দেন।

আইও/