দগ্ধ দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার তিনতলা ভবনের ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জিদনীর মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিদনী আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী লামিয়ার অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন। অন্য দুই শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার তিনতলা ভবনের ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। এ সময় পাশের বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছাদের ওপর এসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আতিয়া আক্তার এবং বুধবার সকালে জিদনীর মৃত্যু হলো।

আইও/