
|
সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক
প্রকাশ:
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন বাস টার্মিনালে স্থানান্তর করা হবে। প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি জেলার বাস সেখানে নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরের যানজট কমানো ও গণপরিবহনব্যবস্থা সুশৃঙ্খল করতে কাঁচপুরে দ্রুত টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেডে দূরপাল্লার বাসের কার্যক্রম শুরু হবে। পরে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরো জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ চলছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে। পাশাপাশি ৪০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ দেন। নির্মাণকাজে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার জন্যও তিনি সতর্ক করেন। এদিকে গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক। এসএইচ/ |