
|
মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন
প্রকাশ:
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট ছুরিকাহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। আহত পাইলটদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রথমে হাইজ্যাকের খবরে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরে জানা গেল, বিমান ছিনতাই হয়নি, বরং ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি হয়েছিল। সেই ঝামেলার কারণেই দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট তেল আবিবে না গিয়ে জরুরি অবতরণ করে সৌদি আরবে। ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কিছুক্ষণ পর ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত একটি কোডও পাঠানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, পাইলট ও সহপাইলটের মধ্যে ঝামেলার কারণেই জরুরি সংকেত দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এফজেড১০৭৩ ফ্লাইটটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক। যাত্রীদের কয়েকজন জানান, তারা ককপিটে রক্ত দেখতে পান। এতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রী বলেন, পরিস্থিতি দেখে তাদের মনে হয়েছিল, তারা হয়তো আর বাঁচবেন না। বিমানের এক যাত্রী জানান, কয়েক মিনিট ধরে তারা ভেবেছিলেন বিমানটি হয়তো বিধ্বস্ত হবে অথবা তাদের হত্যা করা হতে পারে। ককপিট থেকে চিৎকারের শব্দও শুনতে পান তারা। আরেক যাত্রী জানান, কয়েকজন ইসরায়েলি যাত্রী হামলাকারীকে ধরে মেঝেতে চেপে রাখেন। ওই সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে পাইলটের সঙ্গে কথা বলা হয়। ফ্লাইদুবাই এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ৩০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া এফজেড১০৭৩ ফ্লাইটটি যাত্রাপথে একটি ঘটনার মুখে পড়ে। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, বিমানের সব যাত্রী নিরাপদে আছেন। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফ্লাইদুবাই। আরও নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এসএইচ/ |