
|
‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৬, ০৯:২১ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ফুটপাতের হকাররা সাধ করে এ পেশায় আসেন না; বরং জীবিকার তাগিদে উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে হকারি করেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, মানুষকে ফুটপাতে হকারি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে—এটাই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এটি রাষ্ট্রের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার একটি আলামত। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। তা না করে যারা বাধ্য হয়ে হকারি করে জীবিকা নির্বাহ করছেন, তাদের উপার্জনের পথ বন্ধ করে দেওয়া রাষ্ট্রের নিপীড়ক চেহারাই উন্মোচিত করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান মুজাহিদ বলেন, ফুটপাত দখলমুক্ত করা অবশ্যই একটি ভালো উদ্যোগ। তবে এর আগে প্রশ্ন করতে হবে, ফুটপাত দখল হলো কেন? মানুষের বেকারত্ব তাদের ফুটপাতে নামিয়ে আনে। পাশাপাশি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ফুটপাতকেন্দ্রিক ব্যবসারও বিস্তার ঘটে। ফলে দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর নির্ভর করে একেকটি পরিবার জীবিকা নির্বাহ করছে। তাদের সন্তানদের আহার জুটছে এই আয়ের মাধ্যমে। তিনি বলেন, কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ অভিযান চালানো চূড়ান্ত নির্মমতা। মানুষের রুটি-রুজির পথ বন্ধ করে দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, দ্রুত হকারদের জন্য বিকল্প কর্মসংস্থান ও ব্যবসার ব্যবস্থা করতে হবে। এরপর ফুটপাত দখলমুক্ত করতে হবে। বিকল্প ব্যবস্থা ছাড়া কোনোভাবেই উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না। আইও/ |