
|
এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৬, ০৯:৪৯ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি। একই দিন পবিত্র মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বু‘আইজান। শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি মসজিদুল হারামের অন্যতম ইমাম। তিনি ১৩৮৫ হিজরির ২৭ জিলহজ জন্মগ্রহণ করেন। পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কিরাআত বিষয়ে তাঁর স্নাতক ডিগ্রি অর্জিত হয় ১৪০৯ হিজরিতে এবং ডক্টরেট সম্পন্ন করেন ১৪২৩ হিজরিতে। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৪২৮ হিজরি থেকে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বিন সুলাইমান আল-বু‘আইজান মসজিদে নববির ইমাম ও খতিব। তিনি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৪৩৪ হিজরির ৪ জিলহজ রাজকীয় আদেশে তাকে মসজিদে নববির নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে ১৪২২ হিজরিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর শিক্ষকতা ও উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে ইসলামি বিচারব্যবস্থা ও শরিয়াহ রাজনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৪৩৭ হিজরিতে তিনি ইসলামি বিচারব্যবস্থা বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেন। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রেও তার ইজাজাহ রয়েছে। তিনি হাফস ‘আন আসিম রেওয়ায়েতে শাতিবিয়্যাহ তরিকার মাধ্যমে কিরাআতের ইজাজাহ লাভ করেছেন। মসজিদে নববিতে ইমামতির পাশাপাশি তিনি নিয়মিত খুতবা প্রদান করে থাকেন। চলতি বছর ৩ এপ্রিলের এক জুমার খুতবায় তিনি দোয়ার গুরুত্ব, আল্লাহর প্রতি বান্দার নির্ভরতা এবং বিপদ-আপদে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিষয় তুলে ধরেন। পবিত্র দুই মসজিদের জুমার ইমামদের সাপ্তাহিক দায়িত্বসূচি সাধারণত ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির তত্ত্বাবধানে প্রকাশিত হয়। ২ অক্টোবরের সূচি অনুযায়ী মসজিদুল হারামে শায়খ ফয়সাল গাজ্জাবি এবং মসজিদে নববিতে শায়খ আবদুল্লাহ বু‘আইজান জুমার ইমামতি করবেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |