সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড
প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৬, ১০:৫১ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সা.কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ২৪ বছর বয়সী এক শ্রীলঙ্কান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাম্প্রতিক কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সংবাদসূত্রে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রচারিত তথ্যমতে, ফেসবুকে ইসলাম ও মহানবী সা.-কে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে ওই তরুণের বিরুদ্ধে মামলা হয়। প্রথম পর্যায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছিল। পরে আপিলের পর সেই সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় প্রতীকের অবমাননাকর কনটেন্ট প্রকাশের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির সাইবার অপরাধ আইনের ৬ ধারায় জনশৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ বা নৈতিকতার পরিপন্থী অনলাইন কনটেন্ট তৈরি, প্রচার বা সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী সা. ও উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)-কে অবমাননার অভিযোগে ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়ার কথা জানিয়েছিল।

সাম্প্রতিক সময়েও সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় মূল্যবোধবিরোধী বক্তব্যের অভিযোগে একজন প্রবাসীকে গ্রেপ্তার করে পাবলিক প্রসিকিউশনে পাঠানোর ঘটনা ঘটেছে।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/