প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া ঈমানি দায়িত্ব
প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৬, ০৩:২৫ দুপুর
নিউজ ডেস্ক

|| ইমরান ওবাইদ ||

প্রবীণদের প্রতি সম্মান দেখানো একটি সামাজিক দায়িত্ব। বড়দের সম্মান দেওয়া ইসলামের নীতি-আদর্শের গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা জীবনের দীর্ঘ সময় দিয়ে পরিবার, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলাও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّۢ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًۭا كَرِيمًۭا   

তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত কোরো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কোরো। তাদের একজন কিংবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উহ্’ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিয়ো না; বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। (সূরা আল-ইসরা : ২৩)

এখানে বাবা-মার কথা নির্দিষ্টভাবে বললেও উদ্দেশ্য—বাবা-মা, দাদা-দাদি, বড় ভাইতুল্য সকল মানুষ। তাই বয়সে বড় সকল মানুষদের বিশেষত প্রবীণদের সম্মান দেখানো, যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকা আমাদের নৈতিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।

হাদিসে পাকেও প্রবীণদের প্রতি সহৃদয় থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবীণদের সম্মান কর এবং যুবকদের শিক্ষিত কর। এতে তোমার সমাজে শান্তি এবং ঐক্য থাকবে। (তিরমিজি, ১৩৫৬)

ইসলামি দৃষ্টিকোণ থেকে প্রবীণদের যত্ন

কোরআন ও হাদিসে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দয়া প্রদর্শন ও তাদের প্রতি সম্মান দেখানোর নির্দেশ রয়েছে। শেষ বয়সে তাদের অসহায়ত্বে আমাদের পাশে থাকতে হবে। আমাদের উচিত নিজে থেকে তাদের খোঁজখবর নেওয়া। কাছে বসে জিজ্ঞেস করা—তাদের কোনো প্রয়োজন আছে কি না। কিছু সময় তাদের পাশে বসা। তাদের কথা শোনা। যেন তারা কখনো এটা মনে না করে যে—আমাকে অবহেলা করা হচ্ছে।

সমাজে প্রবীণদের মর্যাদা:

প্রবীণরা সমাজে জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিকতা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা স্বল্পবয়সীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো সমস্যায় তাদের পরামর্শ নেওয়া যায়। তারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বাস্তবধর্মী পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া তাদের সম্মান দেখানো ইসলামের আদর্শের অংশ।

আইও/