রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: আমিরে মজলিস
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশে সংগঠনের আমিরে মজলিস শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ‘রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।’ একই সঙ্গে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারের উচিত তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়নে সরকার ছয় মাস বিলম্ব করেছে উল্লেখ করে তিনি বলেন, রাজপথে নামতেও বাংলাদেশ খেলাফত মজলিস ছয় মাস সময় নিয়েছে।

তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে উভয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি ভোটের ফল বৈধ হলে অন্যটির ফলকে অবৈধ বলার সুযোগ নেই। গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায়ও তিনি সমালোচনা করেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, সংশোধনের মাধ্যমে সাময়িক পরিবর্তন নয়, সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে। ভবিষ্যতে কোনো সরকার যেন সহজেই সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। এসব প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করে জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবাগুলোকে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে হবে। এসব সংকট সমাধানে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়; এই রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।’ এ সময় প্রধানমন্ত্রীকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। জুলাই আন্দোলনের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, খন্দকার আনোয়ার হুসাইন ও ডা. আল আমিন রাকীবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলীর সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএইচ/