
|
বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রকাশ:
০৩ অক্টোবর, ২০২৬, ০২:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাটা ও গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে কালকিনি উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে দুই থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের সেলিম ঘরামীর ছেলে এমারত ঘরামী বরিশাল যাওয়ার উদ্দেশে ভূরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান। অসুস্থ থাকায় তিনি বাসের সামনের একটি সিট চান। কিন্তু কাউন্টারের সুপারভাইজার সিট দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের সঙ্গে এমারতের বাগবিতণ্ডা হয়। এ সময় সবুজের চাচাতো ভাই আকাশ ফকির পাশের একটি মুদি দোকান থেকে এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এমারত ওই কাউন্টারে গেলে আবারও বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার রাতে ভূরঘাটা সেতু এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. জান্নাত (২৬), আল-আমিন (৩৩) ও মো. শান্তসহ (১৬) ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সংঘর্ষে ভূরঘাটা এলাকার বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, টিকিট কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আইও/ |