জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আগামী ৯ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬। কাউন্সিল সফল করতে দেশের সর্বস্তরের শ্রমিক, শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সংগঠনের ২০২৫-২৬ সেশনের শেষ নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের শ্রম, ঘাম ও অবদানের ওপর দেশের উৎপাদন, সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলেছে। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে।

মুহাম্মাদ খলিলুর রহমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন শ্রমবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় শ্রমিক কাউন্সিল থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করা হবে। এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে বাধ্য করতে আন্দোলন গড়ে তোলা হবে।

বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল বলেন, জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬ কেবল একটি সাংগঠনিক আয়োজন নয়; এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা, ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও সুসংহত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। কাউন্সিলের মাধ্যমে শ্রমিকদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও গতিশীল করা হবে। একই সঙ্গে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয় শ্রমিক কাউন্সিলকে সামনে রেখে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আলহাজ মাওলানা নেছার উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান। এ ছাড়া জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় ও শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন।

এসএইচ/