‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩৮ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসিন, বিশিষ্ট মুহাদ্দিস ও গবেষক মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম, আমল, তাদরিস, তাসনিফ ও দাওয়াতের অনন্য সাধক। তাঁর অসাধারণ লেখনি, গভীর ইলম ও হৃদয়গ্রাহী পাঠ উপস্থাপনার মাধ্যমে তিনি আলেম সমাজ ও দ্বীনপ্রিয় মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আবুল ফাতাহ কাসেমী রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘আবনায়ে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মুফতি ইমরানুল বারী সিরাজী ও মুফতি জাবের কাসেমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মুফতি এনামুল হক কাসেমী, মুফতি মুহাম্মদ আলী, মুফতি আব্দুস সালাম, মাওলানা জিকরুল্লাহ খান, মুফতি ইমাদ উদ্দিন, মাওলানা মাসউদুল করিম, মাওলানা আব্দুল আখির, মুফতি আনোয়ার মাহমুদ, মুফতি মঈনুল ইসলাম কাসেমী, মাওলানা আইনুল হক কাসেমী ও মাওলানা মুহাম্মদ উল্লাহ কাসেমীসহ অনেকে।

বক্তারা বলেন, ভারতীয় উপমহাদেশে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর পর মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ইসলামের বিভিন্ন অঙ্গনে সমানভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি ইলম ও আমলের পাশাপাশি দীর্ঘদিন তাদরিস, তাসনিফ ও দাওয়াতের মাধ্যমে দ্বীনের খেদমত করেছেন।

তারা আরও বলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহ.-এর গুরুত্বপূর্ণ রচনাবলি ও গভীর চিন্তাধারাকে তিনি বর্তমান প্রজন্মের সামনে অত্যন্ত সহজ, সরল ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। তাঁর পাঠদান ছিল জ্ঞানগর্ভ ও হৃদয়গ্রাহী। তাঁর অসংখ্য রচনা ও দরস আজও আলেম-তালাবা ও দ্বীনপ্রিয় মানুষের জন্য মূল্যবান পাথেয় হয়ে আছে।

বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর হাজার হাজার ছাত্র ছড়িয়ে রয়েছেন। তাঁর ইলম, বয়ান ও দ্বীনি খেদমত থেকে লাখো মানুষ উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর সব দ্বীনি খেদমত কবুল করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন, তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর রেখে যাওয়া ইলমি খেদমতকে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

এসএইচ/