
|
ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশ:
০৬ অক্টোবর, ২০২৬, ০৮:৫১ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ ও মালির সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর ঐক্য এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ সময় জনগণের কল্যাণ ও রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর কল্যাণে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তারা। মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্যম, আগ্রহ ও ইতিবাচক ভূমিকা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি। চরমোনাইয়ে আয়োজিত বার্ষিক মাহফিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের বিষয়েও বিস্ময় ও আগ্রহ প্রকাশ করেন মুসা মারা। ভবিষ্যতে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে তাঁর নিজে অংশগ্রহণ এবং মালির আলেম সমাজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির বিষয়েও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম। আইও/ |