ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু
প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় মসজিদের ভেতরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রী নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও ফজরের আজান দেওয়ার জন্য তিনি মসজিদে আসেন। প্রথমে হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ডেকে তোলেন। এরপর নির্ধারিত সময়ে আজান দেওয়ার জন্য মসজিদের ভেতরে অপেক্ষা করছিলেন।

একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পড়ার শব্দ শুনে ইমাম দ্রুত মসজিদে এসে বিষয়টি অন্য মুসল্লিদের জানান। পরে মুসল্লিরা ছুটে এসে শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে আব্দুল ওয়াদুদ নামে এক মুসল্লি ফজরের আজান দেন। নামাজ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যান। দুপুরের দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার ও শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মসজিদের ভেতরে ফজরের আজানের অপেক্ষায় থাকা অবস্থায় মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ/