
|
দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান
প্রকাশ:
০৮ অক্টোবর, ২০২৬, ০৪:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আজহার মাদরাসা কমপ্লেক্সে ১২ শিক্ষার্থীর পবিত্র কোরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার মুরুব্বি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন মাদরাসার উস্তাদুল হাদিস মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী ও নায়েবে মুহতামিম মাওলানা শাহজালাল। মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-না’ত পরিবেশন করা হয়। পরে ১২ নতুন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনুল কারিম তুলে দিয়ে তাদের সবক প্রদান করা হয়। প্রধান আলোচকের বক্তব্যে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘কোরআন শিক্ষা হলো মানবজীবনের সবচেয়ে বড় অর্জন। আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনে কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেবে।’ সভাপতির বক্তব্যে সৈয়দ আব্দুল কাদের জামাল বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে দারুল আজহার মাদরাসা কমপ্লেক্স সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদরাসার কার্যক্রমে অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসএইচ/ |