রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৬, ০৪:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। দেশের প্রতিটি পটপরিবর্তনে উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাদের সম্পৃক্ত করা হয় না। ফলে পরিবর্তনের প্রত্যাশা পূরণ হয় না।

তিনি বলেন, উলামায়ে কেরামের রক্ত-ঘামে অর্জিত পটপরিবর্তনের পর রাষ্ট্র পুনর্গঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। এর পরিণতিও ভালো হয়নি। তাই জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের (কেআইবি) অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সব সংকটের বোঝা মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। দাম বাড়িয়ে সংকটের সমাধান না করে সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা করতে হবে।

সকাল ৯টায় শুরু হওয়া এ সামিটে দেশের শতাধিক জাতীয় পর্যায়ের আলেমসহ সহস্রাধিক উলামা-মাশায়েখ অংশ নেন। এতে দেশের চলমান পরিস্থিতিতে উলামা-মাশায়েখদের করণীয় বিষয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সামিট শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মিজানুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি ড. এএফএম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী।

অনুষ্ঠানে মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসাইন, আল্লামা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করীম আবরার ও মুফতি শামসুদ্দোহা আশরাফীসহ দেশের বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/