সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই ব্যবহারে নৈতিকতার তাগিদ শায়খ সুদাইসের
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৯:১৯ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় তিনি প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে নৈতিক দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি মানুষের কাজের ধরন বদলে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও এর অপব্যবহার ব্যক্তি, সমাজ ও অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, জবাবদিহি ও সত্যনিষ্ঠা বজায় রাখা জরুরি।

শায়খ সুদাইস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কারও কণ্ঠস্বর, ছবি বা ভিডিও বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানো এবং মানুষকে বিভ্রান্ত করার ঝুঁকিও বাড়ছে। এ ধরনের প্রযুক্তির অপব্যবহার ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি প্রতারণা ও সাইবার অপরাধের পথ তৈরি করতে পারে।

মসজিদে হারামের ইমাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ, ছবি, ভিডিও কিংবা তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে কোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকা জরুরি। যাচাই ছাড়াই কোনো কিছু শেয়ার করলে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিজেরও ভূমিকা তৈরি হতে পারে।

তিনি বলেন, সাইবার অপরাধের আর্থিক ক্ষতিও উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ইন্টারনেট ক্রাইম কমপ্লেইন্ট সেন্টারের (আইসি৩) প্রতিবেদনের বরাতে দেওয়া তথ্যে বলা হয়েছে, ২০২৫ সালে সাইবার অপরাধে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ২০৮০ কোটি ডলার। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারজনিত ক্ষতির পরিমাণ প্রায় ৮৯ কোটি ৩০ লাখ ডলার বলে উল্লেখ করা হয়েছে।

বিশিষ্ট এই আলেমে দীন বলেন, প্রযুক্তির এই সময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জন্য তথ্যের সত্যতা যাচাই, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ডিজিটাল গুজব শনাক্ত করা এবং যাচাই করা তথ্য প্রচারের বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে।

খুতবায় তিনি বলেন, প্রযুক্তি যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, ক্ষতি ও বিভ্রান্তির কারণ না হয়—এ জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহারে সত্যনিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: দ্য গেইট টু হারামাইন

আইও/