
|
রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস
প্রকাশ:
১০ অক্টোবর, ২০২৬, ০৪:১১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো ধরনের দ্বিধা-সংশয় বা ওয়াসওয়াসা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, অনেক চিন্তাভাবনা ও যথেষ্ট সময় নিয়েই তাঁরা বর্তমান রাজনৈতিক অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আল্লামা মামুনুল হক বলেন, ‘আমরা আমাদের রাজনৈতিক অবস্থান নিয়ে ওয়াসওয়াসা লালন করি না। আমরা কখনোই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করি না। অনেক চিন্তাভাবনা করে এবং যথেষ্ট সময় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান রাজনৈতিক অবস্থানের কারণে শুধু দলটির রাজনীতিই নয়; বাংলাদেশের হকপন্থী দেওবন্দি ঘরানার ইসলামী রাজনীতি এবং বাংলাদেশপন্থী ও ইসলামপন্থীদের রাজনীতিও সুসংহত হবে, ইনশাআল্লাহ।’ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। এসএইচ/ |