
|
‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৩ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই সঙ্গে তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার মতো সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশেষত পবিত্র ভূমি সৌদি আরবে এ ধরনের হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। বিবৃতিতে তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিশ্বের যেকোনো স্থানে নিরপরাধ মানুষের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব। আইও/ |