এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, এর লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবে কোনো হামলা চালায়নি তারা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ কথা বলেন।

সৌদি জোটের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবির বিষয়ে হুতিদের এ বক্তব্যের পর ঘটনাটি নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ তুলেছিল সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই ঘটনার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হামলার অভিযোগ অস্বীকার করে হুতিরা।

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর দাবি, তাদের লক্ষ্য সৌদি আরবের সামরিক ও অর্থনৈতিক স্থাপনা; মক্কা-মদিনার মতো পবিত্র স্থানে হামলা চালানো তাদের উদ্দেশ্য নয়। সূত্র: আলজাজিরা ও আনাদোলু।

এসএইচ/