‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:১৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। তাই ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন, সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মারকাজ ভবনের মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, সভ্যতার প্রধান শক্তি মানবশিশুর মানসিকতা গঠন অনেকাংশেই নারীর ওপর নির্ভরশীল। ফলে সভ্যতা নির্মাণে নারীর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, বর্তমানে পশ্চিমা চিন্তাধারার আলোকে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা নির্ধারণ করা হচ্ছে। তাঁর মতে, এর ফলে নারীকে ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাঁদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেমে এসেছে।

এই পরিস্থিতির পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা ইউনিটের নবগঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

এসএইচ/