
|
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত
প্রকাশ:
১৯ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলবে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া আরজাবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বৈঠকে নেতারা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নয় মাসে দেশে ১ লাখ ৫১ হাজার ৫৯৬টি মামলা নথিভুক্ত হয়েছে। এর বাইরে এমন অপরাধের ঘটনাও থাকতে পারে, যেগুলোর বিষয়ে মামলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এ অবস্থা অব্যাহত থাকলে জননিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যাবে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নও বাধাগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জমিয়তের নেতারা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী। আইও/ |