
|
‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
প্রকাশ:
১৯ অক্টোবর, ২০২৬, ০৭:৩৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, ইমামরা মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই সমাজের প্রতি তাঁদের দায়িত্বও অনেক। সোমবার (১৯ অক্টোবর) সকালে খুলনা নগরীর বয়রায় ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক অবক্ষয় রোধ এবং মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জাতীয় যেকোনো দুর্যোগে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতেও খুলনা সিটি করপোরেশন ইমামদের সহযোগিতা নিয়ে থাকে। ইমামদের ভাতার আওতায় আনার বিষয়ে বর্তমান সরকারের পদক্ষেপকে যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ইমামরা ভূমিকা রাখতে পারেন। সমাজের নেতা হিসেবে দেশের উন্নয়নে সঠিক তথ্য প্রচার এবং জনগণের বিভ্রান্তি দূর করতেও তাঁদের কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার উপপরিচালক কৃষিবিদ এবিএম তবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, স্বাস্থ্য প্রশিক্ষক ও মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম মো. মোস্তফা এবং সহকারী পরিচালক আল ফারুক। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইমাম মো. আব্দুল্লাহ। ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত ১২২৭তম নিয়মিত প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের সাত জেলার ১০২ জন ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী ইমামদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এসএইচ/ |