ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের প্রচার মাইকিংয়ের রিকশা ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

রোববার রাতে ঠাকুরগাঁও পৌরসভার ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, চারজন ব্যক্তি প্রচার মাইকিংয়ের রিকশাটির পথরোধ করে চালককে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং চাঁদা দাবি করেন। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের একজন রিকশার সামনের কাচ ভেঙে দেন এবং চালককে আহত করেন। পরে অভিযুক্ত চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর রিকশাচালক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমানকে বিষয়টি জানান। তিনি চালককে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত রিকশাটি মেরামতের উদ্যোগ নেন। পাশাপাশি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াও শুরু করেন।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রিকশাচালককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় চালকের বক্তব্য নেওয়া হয় এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ঠাকুরগাঁও পৌরসভা শাখার সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসেন।

এ সময় দলটির নেতারা বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাধ্য হবে।

তাঁরা নির্বাচনী প্রচার-প্রচারণার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেন।

এসএইচ/