‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক’
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

পতিত স্বৈরাচার ও বিরোধী দলের মধ্যে আঁতাতের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জাতি জানতে চায়।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে। আর দেশের ভেতরে একটি বিরোধী দল অস্থিরতা তৈরির চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্য জনমনে উদ্বেগ তৈরির জন্য যথেষ্ট।

তিনি বলেন, রাষ্ট্রের কাছে এ ধরনের সুনির্দিষ্ট তথ্য থাকার পর শুধু জনসভায় বক্তব্য দেওয়া কিংবা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানালেই দায়িত্ব শেষ হয় না। বরং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হয়। কারণ, জাতি আর কোনোভাবেই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন দেখতে চায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘স্বৈরাচারবিরোধী রাজনৈতিক দল হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমরা জানতে চাই, প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি?’

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার দেশে ফিরতে চাইবে, তা অনুমেয়। তাদের প্রত্যাবর্তন ঠেকাতে দুটি পদক্ষেপ জরুরি ছিল—স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক প্রতিবন্ধকতা তৈরি করা। কিন্তু বর্তমান সরকার এর কোনোটিই করেনি।

গাজী আতাউর রহমান বলেন, স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ ওঠার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি জাতিকে উদ্বিগ্ন করছে।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, তাদের পক্ষ থেকেও কোনো প্রতিবাদ আসেনি। এটিও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অভিযুক্তদের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত।

আইও/