
|
‘সমমনা ইসলামী দল’ নামে নতুন জোটে একসঙ্গে কাজ করবে ৭ দল
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কওমি ধারার ৭ ইসলামী রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। তিনি বলেন, ৭টি ইসলামী দল একক রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে। এখন থেকে ৭ দল একসঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত ইসলামী সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। আজকের লিয়াজোঁ কমিটির বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী সাত দলের সমন্বয়ে গঠিত ‘সমমনা ইসলামী দল’ নামে তাদের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এই জোটে থাকা ৭টি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, এর মধ্যে যেসব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে ‘সমমনা ইসলামী দল’ রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে। পর্যায়ক্রমে তারা নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে সমমনা ইসলামী দলের এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান হেফাজতে ইসলামের এই মহাসচিব। মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই গেল কয়েক মাস ধরে এই জোট গঠনের প্রক্রিয়া চলছিল। সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াত জোটে যুক্ত হলেও, এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। এরপরই স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়তে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় নতুন এই প্ল্যাটফর্ম তৈরি করল কওমিপন্থী দলগুলো। আইও/ |