
|
হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পবিত্র কুরআনের শিক্ষা ও বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে আল-আমিন সংস্থা। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজনের প্রচার-প্রসার ও সার্বিক সফলতা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় হাটহাজারী পৌরসভার মাদরাসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আল-আমিন সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ মাহফিলের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়ে আয়োজন করা হলেও পবিত্র কোরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে সংস্থার। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আয়োজকদের অনুপ্রাণিত করবে। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা মাহফিলের প্রচার-প্রচারণা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। ধর্মীয় এ আয়োজনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহসভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা আনওয়ারুল করিম, অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা আবুল হাশেমসহ হাটহাজারীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আল-আমিন সংস্থা। আইও/ |