মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:১২ বিকাল
নিউজ ডেস্ক

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করার সময় শামিম হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের বাড়ির সামনের মসজিদে এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজে ইমামতি করছিলেন শামিম হাওলাদার। নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শামিম হাওলাদার পেশায় অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশা চালিয়ে উপার্জন করে পাঁচ সন্তান নিয়ে সংসার চালাতেন তিনি। তাঁর তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তিন মেয়ের মধ্যে দুইজন পবিত্র কোরআনের হাফেজা।

স্থানীয়দের ভাষ্য, শামিম হাওলাদার ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। নামাজে ইমামতি করার সময় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত তাঁর স্বজনেরা।

এসএইচ/