
|
ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫৪ সকাল
নিউজ ডেস্ক |
ট্রেনের টিকিট নিয়ে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় ঢাকা থেকে ট্রেনে চড়ে ফেনী আসেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, রেলওয়েতে যেকোনো ধরনের দুর্নীতি ও টিকিটসংক্রান্ত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে অনলাইনে টিকিট বিক্রি করা হয়। এ ব্যবস্থায় টিকিট নিয়ে কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান, বাংলাদেশ রেলওয়ের সেবা মানুষের কাছে পৌঁছে যাক। রেলের উন্নয়ন ও সেবা যেন দিন দিন বাড়ে, সে লক্ষ্যে মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা নিরলস কাজ করছেন। তিনি বলেন, ফেনী মরহুম বেগম খালেদা জিয়ার এলাকা এবং প্রধানমন্ত্রীর মামার বাড়ি। প্রধানমন্ত্রী সারা দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ফেনীবাসীর উন্নয়নেও সচেষ্ট রয়েছেন। মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি ও ফেনীর জন্য সর্বোচ্চসংখ্যক আসন বরাদ্দের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ট্রেনটি চালুর পরিকল্পনার সময় ফেনীর সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রথমেই এ দুটি দাবি জানিয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী তার সেই দাবি পূরণ করেছেন। ফেনীবাসীর উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, নতুন এই সেবা মাত্র শুরু হয়েছে। যাত্রীরা যত বেশি টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন এবং কক্সবাজার ও চট্টগ্রামে যাতায়াত করবেন, তত বেশি এ এলাকায় রেলের গ্যারেজ ও আসন বাড়ানোর উদ্যোগে তাঁদের পাশে থাকা হবে। জনগণের দাবি পূরণে সরকার সচেষ্ট থাকবে। এর আগে রাত ১টা ৫৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ফেনী থেকে যাত্রা শুরুর আগে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমএম/ |