রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:৩১ রাত
নিউজ ডেস্ক

|| মুহিউদ্দীন মাআয ||

রাতে ভালো ঘুম হয় না-এমন অভিযোগ অনেকের। সমাধান খুঁজতে গিয়ে হতাশ হন। মানসিক ট্রেস, কাজের ক্লান্তি আরও কত কারণ খুঁজতে খুঁজতে পরিত্রাণ পাননি এ সমস্যা থেকে। এবার এ সমস্যার সহজ সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। রাতে ভালো ঘুমের সমাধান মিলতে পারে আপনার ফলের ঝুড়িতেই। কিছু ফলে এমন পুষ্টি উপাদান ও যৌগ রয়েছে, যা শরীরকে শিথিল করতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে।

১. কলা
দিনে শক্তি জোগানোর পাশাপাশি রাতে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে কলা। এতে থাকা ট্রিপটোফ্যান, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শরীরকে শিথিল হতে এবং ঘুমের মান ভালো রাখতে ভূমিকা রাখতে পারে। ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে কলা খেতে পারেন।

২. আঙুর
মিষ্টি ফলের মধ্যে আঙুর হতে পারে ভালো বিকল্প। এতে থাকা মেলাটোনিন ঘুম ও জেগে থাকার চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া আঙুরে থাকা রেসভেরাট্রল ঘুমের সময় বাড়াতে এবং শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি কোষকেও ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

৩. কিউই
সবুজ কিউই ফল ভালো ঘুমে সহায়তা করতে পারে। এতে থাকা মেলাটোনিন ঘুমের চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, ঘুমানোর এক ঘণ্টা আগে দুটি কিউই খেলে ঘুমের সময় ও কার্যকারিতা বাড়তে পারে এবং রাতে বারবার জেগে ওঠার প্রবণতা কমতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

৪. আনারকলি
আনারকলি খেলে কিংবা এর গাছের ফুল দিয়ে তৈরি চা পান করলে ভালো ঘুম হতে পারে। আনারকলি ও এর গাছের পাতা প্রাকৃতিক প্রশান্তিদায়ক হিসেবে পরিচিত। এ ফলে ম্যাগনেশিয়ামও রয়েছে। এই খনিজ উপাদান স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং পেশি শিথিল করতে সাহায্য করে। ফলে ঘুমের মানও উন্নত হতে পারে।

৫. আনারস
আনারস শুধু সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় ফলই নয়, ভালো ঘুমের জন্যও উপকারী হতে পারে। আনারসে প্রাকৃতিকভাবে মেলাটোনিন থাকে, যা শরীরের ঘুমের চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। 

৬. টক চেরি
টক চেরি ভালো ঘুমে সহায়তা করতে পারে। বিশেষ করে মন্টমোরেন্সি জাতের টক চেরিতে মেলাটোনিন রয়েছে, যা ঘুমের চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ট্রিপটোফ্যানও শরীরকে শিথিল হতে সহায়তা করতে পারে। তবে ঘুমের ওপর টক চেরির প্রভাব নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

৭. তরমুজ
ঘুমানোর আগে কিছুটা তরমুজ খেলে রাতে তৃষ্ণার কারণে ঘুম ভাঙার আশঙ্কা কমতে পারে। তরমুজের প্রায় ৯২ শতাংশই পানি, যা শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও লাইকোপিনও ঘুমের মান ভালো রাখতে ভূমিকা রাখতে পারে।

সুতরাং রাতে ভালো ঘুমের জন্য খাবারের তালিকায় এ ফলগুলোও রাখতে পারেন।

 এমএম/