যে সহজ ৫ কাজের মাধ্যমে গোনাহ মাফ হয়
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪১ দুপুর
নিউজ ডেস্ক

|| মুহিউদ্দীন মাআয ||

আল্লাহ তায়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের মাধ্যমে আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য। বান্দা হিসাবে আমাদের কর্তব্য রবের দেওয়া বিধিবিধান যথাযথভাবে পালন করা। গোনাহ হয় এমন কাজ থেকে সর্বাদা বেঁচে থাকা। গোনাহ পার্থিব জীবনে বরকত ধ্বংস করে দেয়। আখেরাতে শাস্তির মুখোমুখি করে দেয়।

তবে কখনও ভুলে গোনাহ হয়ে গেলে তাৎক্ষণাৎ তওবা করে নেওয়া। এতে আখিরাতে মিলবে অপার সুখের জান্নাত। পবিত্র কুরআন ও হাদিসে এমন বহু আমলের কথা বর্ণিত হয়েছে, যেগুলোর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এরমধ্যে--

১. বেশি বেশি সিজদা করা

মাদান ইবনু আবু ত্বালহা আল-ইয়ামাবি (রহ.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর আজাদকৃত গোলাম সাওবানের সঙ্গে সাক্ষাৎ করলাম। এবং বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন, যা করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা আমি তাঁকে প্রিয় ও পছন্দনীয় কাজের কথা জিজ্ঞেস করলাম। কিন্তু তিনি চুপ থাকলেন। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলে তিনি তখনো চুপ থাকলেন।

তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এ ব্যাপারে রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে। কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, মহান আল্লাহ এর বিনিময়ে তোমার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করবেন এবং তোমার একটি গুনাহ ক্ষমা করে দেবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৮৮)

২. মুসাফাহা করা

পরস্পরে সালাম বিনিময় শেষে মুসাফাহা করার দ্বারা গুনাহ মাফ হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে দুজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করে তাদের আলাদা হওয়ার আগেই তাদের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (আবু দাউদ, হাদিস : ৫২১২)

৩. ভালো কাজ করা

কখনও মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করার দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিঃসন্দেহে সৎ কাজ মুছে ফেলে মন্দ কাজ।’ (সুরা হুদ, আয়াত : ১১৪)

রাসুলুল্লাহ (সা.) আবু জার (রা.)-কে বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। আর মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। (তিরমিজি, হাদিস : ১৯৮৭)

৪. সৃষ্টিজগতের প্রতি সদয় হওয়া

সৃষ্টিজগতের প্রতি সদয় আচরণ করার দ্বারাও গুনাহ মাফ হয়। সুযোগ পেলে সাধ্যমতো অন্যের কাজ করে দেওয়া। রাসুল (সা.) বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগল। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবল, কুকুরটারও তার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামল এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করাল। আল্লাহ তাআলা তার আমল কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই নেকি আছে। (বুখারি, হাদিস : ২৩৬৩)

৫. জামাতের সঙ্গে নামাজ আদায়

জামাতের সঙ্গে নামাজ আদায় করা অনেক বড় আমল। এর দ্বারা গুনাহ মাফ হয়। উসমান (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে ফরজ সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে এসে ইমামের সঙ্গে সালাত আদায় করে তার গুনাহগুলো ক্ষমা করা হয়। (ইবনু খুজায়মাহ, হাদিস : ১৪৮৯; সহিহ   আত-তারগিব, হাদিস : ৩০০)

 এমএম/

 লেখক: সাব-এডিটর আওয়ার ইসলাম