
|
জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন দুই সহস্রাধিক
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সকাল ১০টা থেকে সাড়ে ১০টায় অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই সহস্রাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে নিবন্ধনকারীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। মূল পরীক্ষার আগে একটি ডেমো পরীক্ষা ও একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রতিযোগীদের কাছ থেকে ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আয়োজকেরা আশা করছেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রতিযোগিতার পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। পাশাপাশি প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন, তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছে আওয়ার ইসলাম কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় নিবন্ধনকারীদের বড় একটি অংশ কওমি মাদরাসার শিক্ষার্থী। তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়ের সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষার সূচি মিলে যাওয়ায় প্রতিযোগীদের সুবিধার্থে পরীক্ষার তারিখ পিছিয়ে ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জ্ঞান ও আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে। বইটির আলোকে বিশেষজ্ঞদের একটি দল ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করেছে। নিবন্ধন সম্পন্ন করা প্রতিযোগীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ীকে পাঁচ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। চতুর্থ থেকে ২৫ তম স্থান অর্জনকারী ২২ জন পাবেন দুই হাজার টাকা করে। আর ২৬ তম থেকে ৭৫ তম স্থান অর্জনকারী ৫০ জন পাবেন পাঁচ হাজার টাকা সমমূল্যের বই। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আওয়ার ইসলাম পরিবারের কোনো সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। পরীক্ষা চলাকালে বিদ্যুৎ, নেটওয়ার্ক বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে কিংবা উত্তর জমা দিতে না পারলে তার দায় কর্তৃপক্ষ নেবে না। প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনসহ যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আয়োজক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এমএম/ |