অন্তর ঠিক হলে সুন্দর হয়ে যায় পুরো জীবন: বায়তুল্লাহর খতিব
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:২৮ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় মুসল্লিদের অন্তর পরিশুদ্ধ করা, আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং ইবাদতে একাগ্রতা অর্জনের আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. উসামা বিন আবদুল্লাহ খাইয়াত।

তিনি বলেছেন, মানুষের অন্তর ঠিক থাকলে তার পুরো জীবন সুন্দর হয়ে যায়। অন্তরের প্রশান্তি ও প্রকৃত সুখ আল্লাহকে চেনা, তাঁর প্রতি ভালোবাসা এবং তাঁর আনুগত্যের মধ্যেই নিহিত।

শুক্রবার (৩০ অক্টোবর) পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে ১৪৪৮ হিজরির ১৯ জমাদিউল আউয়াল উপলক্ষে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।

খুতবায় শায়খ উসামা বিন আবদুল্লাহ খাইয়াত মুসল্লিদের আল্লাহভীতি অর্জন, তাঁর কাছে ফিরে আসা এবং আন্তরিকতার সঙ্গে ইবাদত করার উপদেশ দেন। তিনি মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উদাহরণ দিয়ে বলেন, চোখ, কান ও জিহ্বার প্রত্যেকটির আলাদা কাজ ও দায়িত্ব রয়েছে। তবে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্তর।

তিনি বলেন, অন্তরের প্রকৃত প্রশান্তি আসে মহান আল্লাহকে জানা এবং তাঁকে ভালোবাসার মাধ্যমে। মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা ও অন্য কোনো কিছুর ভালোবাসার মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে আল্লাহর ভালোবাসাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারণ, আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যই একজন মুমিনের জীবন পরিচালনার মূল ভিত্তি।

নামাজের একাগ্রতা প্রসঙ্গে মসজিদুল হারামের এই খতিব বলেন, ইবাদতের সময় অন্তরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর অনুপস্থিত রেখে নামাজ আদায় করলে এর সওয়াব ও প্রতিদান কমে যায়। তাই নামাজে দাঁড়ানোর সময় মন ও অন্তরকে আল্লাহর দিকে নিবিষ্ট রাখতে হবে।

খুতবায় তিনি মুসল্লিদের বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরের অবস্থার প্রতিও যত্নবান হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং ইবাদতে আন্তরিকতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/