
|
‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’
প্রকাশ:
৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের প্রচার নয়, বরং নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর আইসিএবি মিলনায়তনে সংগঠনটির মজলিসে আমেলার মাসিক বৈঠকে উদ্বোধনী বক্তব্যে এ দাবি জানান কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মুনতাছির আহমাদ বলেন, তাঁর বক্তব্যের পর সর্বমহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসার পর ভুলক্রমে ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ বলে ফেলেছেন—এমন অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন না করে শিক্ষাব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ ধরনের বক্তব্য শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি করে। মুনতাছির আহমাদ আরও বলেন, শিক্ষাব্যবস্থা কোনো বিতর্কিত মতাদর্শের প্রচারকেন্দ্র নয়; বরং এটি একটি জাতির জ্ঞান, নৈতিকতা, চরিত্র ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান অবলম্বন। শিক্ষার নামে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত নয়, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে উপেক্ষা করে। শিক্ষার আধুনিকায়ন বলতে জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির উৎকর্ষ বোঝায়, নিজস্ব মূল্যবোধ বিসর্জন দেওয়া নয়। তিনি বলেন, ‘ট্যাবু’ শব্দের আড়ালে কোনো সংবেদনশীল বিষয়কে প্রশ্নাতীত করে তোলা কিংবা এর পক্ষে ধারাবাহিক প্রচারণাকে অগ্রাধিকার দেওয়া যুক্তিসংগত নয়। ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা ও সামাজিক বাস্তবতার আলোকে কোনো বিষয়ে ভিন্নমত প্রকাশ করাকে পশ্চাৎপদতা হিসেবে চিহ্নিত করার প্রবণতাও গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষা খাতের বিদ্যমান সংকটের কথা তুলে ধরে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বলেন, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ, কর্মমুখী শিক্ষা, গবেষণার পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও বেকারত্ব নিরসনের মতো বহু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। এসব সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিতর্কিত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হলে শিক্ষাব্যবস্থার অগ্রাধিকার নিয়ে প্রশ্ন দেখা দেবে। বক্তব্যের শেষ পর্যায়ে ট্রান্সজেন্ডার ইস্যুর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মুনতাছির আহমাদ। এ মতাদর্শকে তিনি ‘শয়তানি এজেন্ডা’ আখ্যা দিয়ে একে ধর্মীয় বিশ্বাস, মানবপ্রকৃতি ও সমাজের পরিপন্থী বলে মন্তব্য করেন। আইও/ |