সিলেটের গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ২৮তম তাফসির মাহফিল শুরু ২১ ডিসেম্বর
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ সকাল
নিউজ ডেস্ক

কেএম সুহেল আহমদ, গোলাপগঞ্জ (সিলেট)

সিলেটের গোলাপগঞ্জে খাদিমুল কুরআন পরিষদ বৃহত্তর চন্দরপুরের উদ্যোগে দুই দিনব্যাপী ২৮তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ ও ২২ ডিসেম্বর (সোম ও মঙ্গলবার) চন্দরপুর শাহী ঈদগাহসংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে কুরআনের তাফসির ও আলোচনা।

মাহফিলে সভাপতিত্ব করবেন আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশের সদর মাওলানা শায়খ জিয়া উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের আওলাদে রাসূল (সা.) মুফতি সায়্যিদ ফয়সাল নাদীম। তিনি রাত ১০টায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

প্রথম দিনের প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করবেন খতীবে আযম মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন ২১ ডিসেম্বর বাদ আসর বক্তব্য রাখবেন মুফতি ওলীউর রহমান বরুণী। বাদ মাগরিব আলোচনা করবেন মুফতি নজরুল ইসলাম ক্বাসিমী। বাদ এশা বক্তব্য রাখবেন মুফতি মুজীবুর রহমান আঙ্গুরা, মাওলানা মেরাজুল হক মাযহারী ও মাওলানা ইসমাইল হোসাইন বোখারী।

দ্বিতীয় দিন ২২ ডিসেম্বর বাদ যোহর আলোচনা করবেন মাওলানা খায়রুল আমীন মাহমুদী। বাদ মাগরিব বক্তব্য রাখবেন মুফতি রুহুল আমীন তালিমপুরী। বাদ এশা তাফসির ও আলোচনা পেশ করবেন মাওলানা খুরশিদ আলম ক্বাসিমী ও মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জী। এ ছাড়া দেশবরেণ্য আরও কয়েকজন আলেম-উলামা মাহফিলে তাফসির পেশ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, কুরআনের সঠিক ব্যাখ্যা, ইসলামের শিক্ষা ও জীবনব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নিয়মিত এ মাহফিলের আয়োজন করা হচ্ছে। মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মাহফিলে সবান্ধবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করীম ও সেক্রেটারি আব্দুর রব। প্রয়োজনে ০১৭৩৩-০২১৫৮২ ও ০১৭২৭-৪৩৭৫০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

আইও/