শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি!
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ সকাল
নিউজ ডেস্ক

|| মাওলানা সাইফুদ্দীন গাজী ||

এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন শাইখুল ইসলাম ওয়াল মুসলিমীন মুফতী তাকী উসমানী দা. বা. ইনশাআল্লাহ। শাইখ বর্তমান সময়ের বিশ্বের শীর্ষ আলিম ব্যক্তিত্ব ফকীহ ও মুফতী। আমাদের জন্যে সৌভাগ্য যে, জীবনের এ পড়ন্ত বিকেলেও হযরত আমাদের হাতের নাগালে আসছেন। যাদের বয়স মোটামোটি হয়েছে, তার হয়ত ইতিপূর্বে তাঁকে সচক্ষে দেখতে পেয়েছেন। কিন্তু জেনজিসহ একটি বিশাল অংশ এখনো পর্যন্ত শাইখকে এক নজর দেখার সুযোগ পায়নি। যারা আগে দেখেছেন, তারাও উদগ্রীব শাইখকে আরেকনজর দেখার জন্যে। কারণ, আল্লাহওয়ালাদের দেখে কখনো মন ভরে না, যেভাবে আল্লাহকে দেখে জান্নাতিদের মন ভরবে না।

কাজেই শাইখের এ সফরকে সর্বোচ্চ পর্যায়ে উদযাপন করা দরকার এবং একে স্মরণীয় করে রাখা উচিত। এই দর্শন হতে পারে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ঐতিহাসিক দলীল। ইলমের অধ্যায়ে এ বিষয়টির গুরুত্ব অনেক বেশি। উপরন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী, সে যেন তার মেহমানকে ইকরাম করে।

সুতরাং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শাইখের আগমনকে সেলিব্রেশন উদযাপন করতে পারি।

১। শাইখুল ইসলামের আগমন উপলক্ষে বিশেষ স্মারক প্রকাশ করা যেতে পারে। আন্তরিক হলে এখনো প্রকাশ করা সম্ভব।

২। মাসিক পত্রিকাগুলো বিশেষসংখ্যা প্রকাশ করতে পারে। প্রয়োজনে অগ্রিম। বিশেষকরে মাসিক আলকাউসার এর কাছে আমরা বিশেষ সাপ্লিমেন্ট প্রত্যাশা করছি।

৩। জাতীয় দৈনিকগুলোতে আমাদের যেসব মিডিয়াকর্মী রয়েছেন, তারা পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নিতে পারেন।

৪। নিউজপোর্টলগুলোতে বিশেষপ্রতিবেদন, সাক্ষাতকার লাইফস্টোরি প্রচারের উদ্যোগ নেওয়া যেতে পারে।

৫। শাইখের কোনো নতুন কিতাবের অনুবাদ প্রকাশ করা যেতে পারে।

৬। শাইখের সাথে যদি কারও ব্যক্তিগত স্মৃতিচারণ থাকে, অথবা যারা শাইখের সরাসরি ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, তারা সেগুলো লিখে প্রকাশ করতে পারেন।

৭। শাইখের পুরাতন নির্বাচিত বয়ান-বক্তৃতা প্রচার করা যেতে পারে।

৮। সফরচলাকালে প্রতিদিনকার বয়ানের তাৎক্ষণিক অনুবাদ ও প্রোগ্রামগুলোর আপডেট প্রচার করা যেতে পারে।

৯। শাইখের উন্মুক্ত মজলিসগুলোতে সদবান্ধবে হাজের হওয়ার চেষ্টা করা যেতে পারে।

১০। আহলে মাদারিস নিজ উদ্যোগে তার ছাত্রদেরকে শাইখের নিকটবর্তী প্রোগ্রামে অংশগ্রহণ করাতে পারেন।

১১। মাদরাসার নিজস্ব উদ্যোগ না থাকলে আগ্রহী ছাত্রদের যারা যেতে চায়, উপযুক্ত মনে হলে তাদেরকে শাইখের সাক্ষাতে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

১২। বেশি বেশি শাইখের শিক্ষা, বয়ান, উক্তি কীর্তি ইত্যাদির প্রচার করা যেতে পারে।

১৩। শাইখের কর্মকীর্তি অবদান এবং রচিত গ্রন্থপুঞ্জীর তালিকা ও পরিচিতি প্রকাশ করা যেতে পারে।

১৪। শাইখের যেখানে যেখানে প্রোগ্রাম রয়েছে, সেখানে আশেপাশে শাইখের আরবী উর্দূ ও ইংরেজি এবং অনুদিত বাংলা বইপত্র দিয়ে একক বুকস্টল ও পুস্তকপ্রদর্শনী খোলা যেতে পারে। বাংলা ভাষাসাহিত্য তাঁর জ্ঞানসম্পদ দিয়ে বহুলাংশে সমৃদ্ধ। বহুপ্রকাশনী থেকে তাঁর বই প্রকাশিত হয়েছে। এগুলো একত্র করলে বিশাল সম্ভার গড়ে উঠবে। এতে একদিকে ইলমের প্রচার-প্রসার হবে, সাথে বানিজ্যিক ফায়দারও আশা করা যায়, ইনশাআল্লাহ। 

আপনাদের আরও কোনো আইডিয়া থাকলে কমেন্টবক্সে উল্লেখ করতে পারেন। আর প্রস্তাবিত আইডিয়াগুলোর ব্যাপারে যাদের যোগ্য মনে করেন, তাদের মেনশন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন!

ওয়াফ্ফাকাকুমুল্লাহ, ওয়া জাযাকুমুল্লাহ।

লেখক: মাদরাসা শিক্ষক, চিন্তক ও লেখক

আইও/