
|
আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সর্বশেষ দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের একজনকে ভেন্টিলেটর থেকে সরিয়ে পুরুষ এইচডিইউতে এবং অপরজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে দুজনের কারও অক্সিজেন সহায়তার প্রয়োজন হচ্ছে না। রোববার (১৫ নভেম্বর) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন সর্বশেষ দুই রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের মধ্যে একজন যান্ত্রিক ভেন্টিলেটর সহায়তায় ছিলেন। সফলভাবে তাকে ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে। বর্তমানে তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তাকে পুরুষ এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। অপর রোগীর অবস্থারও উন্নতি হয়েছে। তারও এখন অক্সিজেন সহায়তা লাগছে না। তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, রোগীদের শারীরিক অবস্থার এই উন্নতি অত্যন্ত আশাব্যঞ্জক। এ দুজন ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আর কোনো রোগী তাঁদের হাসপাতালে ভর্তি নেই। গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনটির ওই তলায় ছিল মাদরাসার লাইব্রেরি ও অফিসকক্ষ। আগুন ছড়িয়ে পড়ার পর পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ধোঁয়ার কারণে অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আইও/ |