নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৭ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

আত্মীয়, বন্ধু কিংবা পরিচিতজন—অনেকেই অনেক সময় নিজেদের জন্য দোয়া চান। তখন তাদের দোয়া চাওয়ার উত্তরে কী বলা উচিত—তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ি অনেকেই। কখনো ইনশাআল্লাহ বা ফি আমানিল্লাহ দ্বারা তাৎক্ষণিক কথার উত্তর দেই। তবে ইসলামে এর সঠিক নির্দেশনা কী আছে—তা কি আমরা জানি? আমাদের চলার পথের উত্তম আদর্শ, প্রিয় নবী সা.-এর কাছে যখন কেউ দোয়া চাইতেন তখন তিনি কী বলে উত্তর দিতেন—তা আমাদের জানা থাকা জরুরি।

অন্যের জন্য নবীজির দোয়া

আনাস (রা.)-এর মা উম্মে সুলাইম (রা.) একবার রাসুলুল্লাহ (স.)-এর কাছে এসে আনাস (রা.)-এর জন্য দোয়ার আবেদন করেন। তখন নবীজি (স.) দোয়া করেন—

আরবি: اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আকছির মালাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু।

অর্থ: হে আল্লাহ! তার সম্পদ ও সন্তান বৃদ্ধি করে দিন এবং তাকে যা দান করেছেন, তাতে বরকত দিন। (সহিহ বুখারি: ৬৩৪৪)

এ হাদিস থেকে বোঝা যায়, অন্যের জন্য তার প্রয়োজন অনুযায়ী দোয়া করা উত্তম। এবং অন্যের জন্য দোয়া করলে নিজেরও লাভ হয়—এটাও হাদিস দ্বারা প্রমাণিত।

হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো মুসলিম ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে ফেরেশতা বলেন, আমিন! তোমার জন্যও অনুরূপ।’ (সহিহ মুসলিম: ২৭৩২)

কেউ দোয়া চাইলে কী বলবেন?

কারো নিকট কখনো কেউ দোয়া চাইলে তার উত্তরে ‘ইনশাআল্লাহ, দোয়া করব’ বা ফি আমানিল্লাহ বলা যায়। এতে দোষের কিছু নেই, তবে শুধু আশ্বাস দিয়েই থেমে না থেকে, তাৎক্ষণিকভাবে তার অবস্থা অনুযায়ী আমরা দোয়া করতে পারি।

পরিস্থিতি অনুযায়ী নানাভাবে উত্তর দেওয়া যায়। অসুস্থ হলে: ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন।’ বিপদে পড়লে: ‘আল্লাহ আপনার বিপদ দূর করে দিন।’ রিজিকের প্রয়োজনে: ‘আল্লাহ আপনার রিজিকে বরকত দিন।’ কোনো কাজের জন্য: ‘আল্লাহ আপনার কাজ সহজ করে দিন এবং উত্তম পরিণতি দান করুন।’

আইও/