
|
‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ভারতের প্রখ্যাত আলেমে দীন, দারুল উলুম দেওবন্দের ছদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী গত কয়েক দিন ধরে প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন। দিল্লিতে চিকিৎসা শেষে তিনি দেওবন্দে ফিরলেও তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। তাঁর ফুসফুসে পানি জমেছে। নতুন করে সেটার চিকিৎসা শুরু হবে। উপমহাদেশের শীর্ষ এই আলেমের অসুস্থতার খবরে বাংলাদেশের লাখো আলেম-উলামার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তবে এর মধ্যেই বাংলাদেশি একজন আলেমের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের অবস্থা এখন অনেকটা ভালো। তিনি সবার দোয়া কামনা করেছেন। মাওলানা আরশাদ মাদানীর সঙ্গে ফোনে কথা হয় ইসলামি লেখক ও অ্যাকটিভিস্ট মাওলানা ওয়ালীউল্লাহ আরমানের। তিনি জামিয়া হোসাইনিয়া আরজাবাদের প্রতিষ্ঠাতা এবং মাদানী পরিবারের ঘনিষ্ঠভাজন কারী আব্দুল খালেকের সাহেবজাদা। সোমবার (১৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে মাওলানা ওয়ালীউল্লাহ আরমান ফোনে কথোপকথনের বিস্তারিত তুলে ধরেন। তাঁর সেই ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো- পরম তৃপ্তি, স্বস্তি আর নিশ্চয়তার ফোনালাপ গত শনিবার ১৪ নভেম্বর টঙ্গী তাফসিরুল কুরআন কমিটি আয়োজিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী সাহেব এবং মুফতি সাইয়িদ ফয়সাল নাদিম শাহ সাহেব। মুফতি সাইয়িদ ফয়সাল নাদিম সাহেবের বয়ানের নির্ধারিত সময় ছিল রাত ৯:৩০ মিনিটে। সন্ধ্যা ৬:৩০-এর দিকে গাজীপুরের শীর্ষ আলেম মুফতি মাসউদুল করিম ভাই কল দিয়ে বললেন- ‘উস্তায হজরত মাওলানা সাইয়িদ আরশাদ মাদানী সাহেবের অসুস্থতা বেড়ে যাবার সংবাদে মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী সাহেব বেনাপোল সীমান্ত হয়ে ইন্ডিয়া ফিরে যাবার জন্য সড়কপথে রওনা হয়ে গেছেন। সেজন্যে পাকিস্তানের মেহমানকে নিয়ে রাত ৯টার মধ্যে টঙ্গী পৌঁছলে ভালো হয়। Mufti Anaetullah এর বাসায় রাতে আপ্যায়ন শেষে ঠিক ৯টায় টঙ্গী উপস্থিত হয়ে মুফতি মাসউদুল করিম ভাইয়ের সাথে কথা বললাম। তার আগেই দেওবন্দে হজরতের চতুর্থ সন্তান মাওলানা সাইয়িদ হোসাইন মাদানী এবং নাতি মুফতি সাইয়িদ আলী মাদানীর সাথে কথা বলে সর্বশেষ অবস্থা সম্পর্কে ধারণা নিয়েছি। তারপরও পূর্ণ অবগতি লাভের আশায় হজরতের সার্বক্ষণিক সঙ্গী ও নাতি মাওলানা খাব্বাব ভাইয়ের সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে কল করে জীবনের সবচেয়ে অভাবনীয় কিন্তু পরম আকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলাম। ভাই মাওলানা খাব্বাবের হোয়াটসঅ্যাপে কল করে লাউড স্পিকার চালু করলাম। ওপাশে রিসিভ হবার সাথে সাথে আমি সালাম দিয়ে বললাম, ভাই খাব্বাব! বাংলাদেশের ওলামায়ে কেরামগণ আপনার নানাজীর শারীরিক অবস্থা সম্পর্কে চরম উদ্বিগ্ন। হজরতের সর্বশেষ অবস্থা সম্পর্কে একটু জানাবেন! আমাকে বিস্মিত করে মোবাইলের ওপাশ থেকে জলদগম্ভীর কণ্ঠে উত্তর এলো- ‘ম্যাঁয় আরশাদ মাদানী ক্যাহ রাহা হুঁ। বাতাইয়ে কারী আব্দুল খালিক সাহাব কা কেয়া হাল হ্যাঁয়?’ হজরতের আওয়াজ শুনে আমার তনুমনে খুশির তরঙ্গ প্রবাহিত হলো। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম- হজরত! আলহামদুলিল্লাহ আব্বা ঠিক হ্যায়। বাস, ওমর কি মারাজ জয়িফ কর দিয়া হ্যায়। ট্রিটমেন্ট চল রাহা হ্যায়। আপকে সিহ্হাত কে বারে আব্বা ভি বহুত পারিশান হ্যায়। হজরত বললেন- ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ। সাত/আটদিন হসপিটাল মেঁ রেহনে কে বাআদ আজ শাম কো ঘর ওয়াপস আয়া। দো দিন বাআদ ডক্টর রিপোর্ট দেখ্কে ট্রিটমেন্ট করেংগে।’ আরজ করলাম- ‘হজরত হাম সব আপকে সিহ্হাত আর আফিয়াতকে লিয়ে দোয়া কর রাহে হ্যাঁয়। আপসে ভি দোয়া কি দরখাস্ত হ্যায়। আওর মাওলানা সাইয়িদ আজহার মাদানী সাহেব আভি বাংলাদেশ সফর কর রাহে হ্যাঁয়। ম্যাঁয় উন কি খেদমত মেঁ হুঁ। হজরত দিলেন- ‘ম্যাঁয় ভি দোয়া করতা হুঁ। আল্লাহ তাআলা খায়ের কারে!’ পুরো আলাপচারিতায় মুফতি মাসউদুল করিম ভাই এবং মুফতি এনায়েতুল্লাহসহ আরো কয়েকজন আলেম আমার পাশে বসে শুনেছেন। হজরতের কথায় সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কিছুক্ষণ পর হজরতের নাতি মাওলানা খাব্বাব ভাই কল দিয়ে বললেন- আমি নানাজীর জন্য ওষুধ বের করার সময় আপনার কল আসে। নানাজী কল দেখে বললেন- ‘আমাকে দাও আমি কারী সাহেবের হালপুরসি করে নিই।’ এরপর ভাই খাব্বাব হেসে বললেন- আপনি সম্ভবত আমাকে ভেবে কথা শুরু করেছিলেন। বললাম- ভাই! গত ৩/৪ বছরে একাধিকবার আপনার নাম্বারে হজরতের সাথে কথা বলে আব্বার অসুস্থতার সংবাদ জানিয়েছি। হজরত নিজেও কল করে আব্বার খবর নিয়েছেন। কিন্তু গত কয়েকদিন ধরে হজরতের অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির সংবাদে এমনিতেই আমরা দুর্ভাবনায় ভুগছি।’ চিকিৎসার জন্য এই মুহূর্তে হজরত দিল্লিতে অবস্থান করছেন। শনিবার সন্ধ্যায় মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী সাহেবের দেওবন্দ ফিরে যাবার সংবাদে আমরা আরো বেশি পেরেশান ছিলাম। কিন্তু হজরতের সাথে কথা একদিকে যেমন অন্তরে প্রশান্তি এসেছে। অন্যদিকে এটা দেখে অভিভূত হয়েছি যে, প্রচণ্ড অসুস্থতার মধ্যেও তিনি তাঁর মুহিব্বীন এবং মুতাআল্লিকীনদের খোঁজ-খবর রাখেন। হজরতের ফুসফুসে পানি জমেছে। ইনশাআল্লাহ আগামী সোমবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর ফুসফুসের চিকিৎসা হবে। আল্লাহ তাআলা তাকে সুস্থতাসহ দীর্ঘ হায়াত দান করেন। এসএইচ/ |