
|
ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৬, ০৫:১১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। প্রাথমিকভাবে সব প্রতিষ্ঠানকে অনুদানের আওতায় আনার পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে বেশি অর্থের প্রয়োজন, সেগুলো পরবর্তী সময়ে বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তর বাসাবো সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে ঢাকা-৯ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভালো কাজের সঙ্গে থাকবেন এবং সম্মিলিতভাবে ভালো কাজগুলো এগিয়ে নেবেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা ব্যক্তিদের পাশে থাকার নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, এলাকার অনেক বিত্তবান ব্যক্তি নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করছেন। তাঁদের এসব উদ্যোগে সরকারের পক্ষ থেকে এবং ঢাকা-৯ আসনের প্রতিনিধি হিসেবে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন তারা। অনুদানের পরিমাণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রায় সব মসজিদ-মাদ্রাসাকে দুই থেকে আড়াই লাখ টাকা করে অনুদান দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন তাঁরা। অতীতে কোনো কোনো প্রতিষ্ঠানকে ৩০, ৪০, ৫০ হাজার বা এক লাখ টাকা দেওয়া হতো। এবার প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছেন তাঁরা। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে সব মসজিদ ও মাদ্রাসাকে অনুদানের আওতায় আনতে চান তাঁরা। যেসব প্রতিষ্ঠানে ইতিমধ্যে তুলনামূলক বেশি উন্নয়ন হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে আরও বেশি অনুদানের প্রয়োজন, সেগুলোও বিশেষ গুরুত্ব পাবে। উপস্থিত মুরব্বিদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, ভবিষ্যতেও তাদের পরামর্শ ও উপদেশ প্রত্যাশা করেন তিনি। তাদের ভালোবাসা, স্নেহ ও দোয়া নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজগুলো এগিয়ে নিতে চান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা এসব কার্যক্রম পরিচালনা করছেন। সরকার ও জনপ্রতিনিধিরা এলাকার মানুষের পাশে রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এসএইচ/ |