নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ বিকাল
নিউজ ডেস্ক

বরগুনা প্রতিনিধি

নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে লাঠি ভেঙে ফেলা, গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরগুনার এক বৃদ্ধ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে মাওলানা সোহরাব হোসেন এ অভিযোগ করেন।

অভিযুক্ত মো. রব্বানী গাজী পনু গাজীর ছেলে। তিনি অভিযোগকারী সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনির স্বামী। দুজনের বাড়িই বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকায়।

অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাত থেকে চলাফেরার অবলম্বন লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, বার্ধক্যের কারণে তাঁর স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হয়। এ অবস্থায় লাঠিটি ভেঙে ফেলায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্তের গালাগাল ও অকথ্য ভাষায় কথা বলার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কাও করছেন তিনি।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এসএইচ/