দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ‘আততাওহিদ জালসা ২০২৬’-এ ভারতের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি শামাইল নদভীর হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন তিন ব্যক্তি। ধর্মীয় এ আয়োজনে উপস্থিত লোকজন তাদের ইসলাম গ্রহণের দৃশ্য প্রত্যক্ষ করেন।

ইসলাম গ্রহণের এ ঘটনা সম্পর্কে মুফতি শামাইল নদভী নিজেই সংবাদমাধ্যম ‘মিল্লাত টাইমস’-কে জানিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় ‘আততাওহিদ ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশনের বার্ষিক আয়োজনে তাঁকে প্রধান আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

মুফতি শামাইল নদভী জানান, অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ মানুষ ছিলেন কৃষ্ণাঙ্গ আফ্রিকান। তাঁদের মধ্যে অনেকেই আগে ইসলাম গ্রহণ করেছিলেন। পাশাপাশি কয়েকজন অমুসলিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তিন ব্যক্তি ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের নিজের হাতে কালেমা শাহাদাত পাঠ করান তিনি।

নবমুসলিমদের জন্য দোয়া করে মুফতি শামাইল নদভী বলেন, মহান আল্লাহ যেন তাদের জীবনে বরকত দান করেন, ঈমানকে মজবুত করেন এবং ইসলামের ওপর অবিচল থাকার তাওফিক দান করেন। সূত্র: মিল্লাত টাইমস উর্দু  

এসএইচ