সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের বরেণ্য আলেম, উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের জীবন ও কর্ম সংরক্ষণের অনন্য প্রয়াস হিসেবে প্রকাশিত হয়েছে চার খণ্ডের বিশাল জীবনীগ্রন্থ ‘আকাবিরে বাংলাদেশ’। প্রায় তিন হাজার পৃষ্ঠার এই সংকলনে স্থান পেয়েছে বাংলাদেশের এক হাজারের বেশি আলেম ও পীর-বুযুর্গের জীবনী ও অবদান। দীর্ঘ ১১ বছরের নিরলস পরিশ্রমে গ্রন্থটি সংকলন করেছেন মুফতি ইমরান হুসাইন। প্রকাশ করেছে আনোয়ার লাইব্রেরি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর পল্টনে ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির চার খণ্ডের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য আলেম ও শিক্ষাবিদরা গ্রন্থটিকে দেশের ইসলামি ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ দলিল এবং জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারগুলোতে বইটি সংরক্ষণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি হিফজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের উলামায়ে কেরামের অবদান ও জীবনচরিত নিয়ে পর্যাপ্ত সংকলন না থাকায় সাধারণ শিক্ষিত মানুষের মধ্যে এ বিষয়ে তথ্যের সংকট রয়েছে। এর ফলে অনেকের মধ্যে আলেমদের বড় কোনো অবদান নেই—এমন ভুল ধারণাও তৈরি হয়। ‘আকাবিরে বাংলাদেশ’-এর মতো প্রামাণ্য সংকলন এসব সংশয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিশাল কর্মযজ্ঞের জন্য সংকলক মুফতি ইমরান হুসাইনের অধ্যবসায় ও নাছোড়বান্দা মনোভাবের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমীদুল মাওলা। তিনি বলেন, ‘আকাবিরে বাংলাদেশ’ একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের আলেমদের জীবন ও অবদান বিশ্বদরবারে তুলে ধরতে একাধিক আন্তর্জাতিক ভাষায় গ্রন্থটির অনুবাদ প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম তথ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উইকিপিডিয়ার মতো ডিজিটাল মাধ্যমের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের প্রামাণ্য গ্রন্থের তথ্য ও সূত্র ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা জরুরি।

গ্রন্থটির সংকলন-প্রক্রিয়া ও প্রেক্ষাপট তুলে ধরে মুফতি ইমরান হুসাইন বলেন, দীর্ঘ ১১ বছর ধরে তিনি এ কাজ করেছেন। বিভিন্ন সময়ে ওয়াজ-মাহফিলের সুবাদে দেশের নানা অঞ্চলে সফর করে উলামায়ে কেরামের জীবন ও কর্মের তথ্য সংগ্রহ করেছেন। নিজের এক শিক্ষকের জীবনী সম্পর্কে যথাযথভাবে বলতে না পারার আক্ষেপ থেকেই মূলত এ সংকলনের চিন্তা তাঁর মাথায় আসে। দীর্ঘ প্রচেষ্টার পর গ্রন্থটি প্রকাশের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তিনি আনোয়ার লাইব্রেরির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী। তিনি বলেন, উপমহাদেশে ইংরেজরা প্রায় ২০০ বছর শাসন করলেও এ অঞ্চলের উলামায়ে কেরাম মাদরাসা প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা বিস্তার ও ইতিহাস সংরক্ষণের মাধ্যমে ইসলামের শিক্ষা ও ঐতিহ্যকে জীবিত রেখেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বলারামপুর আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি শামসুল ইসলাম জিলানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী।

এ ছাড়া অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম, মাশায়েখ, শিক্ষাবিদ ও বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/