ইফার স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করল কর্তৃপক্ষ
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে চাকরিপ্রত্যাশীসহ সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করছে একটি প্রতারক চক্র। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায় এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে, অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি ও বিতরণ করা নিয়োগপত্রের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

এ ধরনের প্রতারণার শিকার না হতে চাকরিপ্রত্যাশীদের কোনো ব্যক্তি বা চক্রের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল কোনো তথ্য অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিষ্ঠানের সব নিয়োগ কার্যক্রম যথাযথ সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হয়। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

সতর্কবার্তায় আরও বলা হয়, প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

আইও/