
|
মুফতি তাকী উসমানী বাংলাদেশে এতো জনপ্রিয় কেন?
প্রকাশ:
১৭ নভেম্বর, ২০২৬, ১২:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
|| জহির উদ্দিন বাবর || শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছেন। চলতি নভেম্বর মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী এ সফরে তিনি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও আধ্যাত্মিক নগরী সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁকে ঘিরে ইতোমধ্যে দেশের কওমি অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ দীনদার মুসলমান—সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বখ্যাত এই ইসলামি স্কলারকে একনজর দেখার, তাঁর সান্নিধ্য পাওয়ার এবং তাঁর মুখে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা শোনার জন্য। অবশ্য মুফতি তাকী উসমানী এর আগেও একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। প্রতিবারই তাঁকে ঘিরে কওমি অঙ্গনে বিশেষ উচ্ছ্বাস ও আগ্রহ দেখা গেছে। তবে এবারের সফরটি আলাদা মাত্রা পেয়েছে প্রায় দেড় দশকের দীর্ঘ বিরতির কারণে। এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তার। ফলে তাঁর সফরের খবর, কর্মসূচি ও তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও স্কলাররা নিয়মিতই বাংলাদেশ সফরে আসেন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে বিদেশি মেহমানদের আনাগোনা অনেক বেড়েছে। তাদের অনেকের আগমনও আলেম সমাজে আগ্রহ ও উদ্দীপনা তৈরি করে। কিন্তু মুফতি তাকী উসমানীকে ঘিরে এবার যে ব্যাপক আবেগ, উচ্ছ্বাস ও অপেক্ষার আবহ তৈরি হয়েছে, তা এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। কেন তাঁর আগমনকে কেন্দ্র করে এতো আয়োজন, এতো আগ্রহ? এর পেছনে কেবল তাঁর আন্তর্জাতিক খ্যাতি কিংবা দীর্ঘ ইলমি জীবনের অবদানই নয়, রয়েছে আরও বেশ কিছু গভীর ও তাৎপর্যপূর্ণ কারণ। প্রথমত, মুফতি মুহাম্মদ তাকী উসমানী দেওবন্দি ধারার অন্যতম প্রভাবশালী আলেম। বিশ্বব্যাপী নানা পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেকে দেওবন্দের সন্তান পরিচয়েই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর জন্মই হয়েছে দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের পাশেই তাঁর পূর্বপুরুষদের বসবাস। তাঁর দাদা মাওলানা মুহাম্মদ ইয়াসিন রহ. ছিলেন দেওবন্দের শুরুর সময়ের শিক্ষক। তাঁর বাবা মুফতি মুহাম্মদ শফী রহ. ছিলেন দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস। পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিয়ে তিনি সপরিবারে পাকিস্তানে হিজরত করেন। মুফতি তাকী উসমানী এবং তাঁর বড় ভাই মুফতি মুহাম্মদ রাফি উসমানী রহ. শিশুকালেই পাকিস্তানে চলে যান। বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সঙ্গে দেওবন্দের ঐতিহাসিক ও আদর্শিক সম্পর্ক থাকায় এ দেশের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও দীনদার মানুষের কাছে মুফতি তাকী উসমানীর প্রতি আলাদা আকর্ষণ ও শ্রদ্ধাবোধ কাজ করে। তাঁকে অনেকে কেবল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হিসেবে নয়, বরং নিজেদের পরিচিত ইলমি ধারার একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও প্রতিনিধিরূপেও দেখেন। দ্বিতীয়ত, মুফতি তাকী উসমানী বহুমাত্রিক ইলমি যোগ্যতা ও গভীর পাণ্ডিত্যের অধিকারী এক বিরল ব্যক্তিত্ব। হাদিস, ফিকহ, তাফসির, উসুলে ফিকহ ও ইসলামি আইনশাস্ত্রে তাঁর রয়েছে অসাধারণ দখল। একই সঙ্গে ফতোয়া প্রদান, হাদিসের দরস, ফিকহি গবেষণা ও সমকালীন চিন্তাচর্চায় তিনি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন। তাঁর পাণ্ডিত্যের বিশেষত্ব হলো, তিনি কেবল প্রাচীন ইলমি ঐতিহ্যের ব্যাখ্যাকারী নন; বরং সেই ঐতিহ্যের আলোকে আধুনিক বিশ্বের জটিল বাস্তবতা ও নতুন নতুন সমস্যার বিশ্লেষণ করেন। অর্থনীতি, ব্যাংকিং, রাষ্ট্রব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন সামাজিক সংকটের মতো বিষয়েও তাঁর চিন্তা ও গবেষণা রয়েছে। ফলে তাঁর জ্ঞানচর্চা মাদরাসার দরসগাহ কিংবা ফতোয়ার জগতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বরং প্রাচীন ইসলামি জ্ঞানভাণ্ডার ও আধুনিক বিশ্বের বাস্তবতার মধ্যে একটি কার্যকর যোগসূত্র তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তৃতীয়ত, মুফতি তাকী উসমানী ইসলামি অর্থনীতি ও ব্যাংকিংয়ের জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিশেষজ্ঞ। আধুনিক অর্থব্যবস্থার নানা জটিল বিষয়ে শরিয়াহসম্মত সমাধান অনুসন্ধানে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইসলামি ব্যাংকিংয়ের নীতিমালা প্রণয়ন, বাস্তব প্রয়োগ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ তদারকিতে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। এ কারণে ইসলামি অর্থনীতির তাত্ত্বিক আলোচনা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ—উভয় ক্ষেত্রেই তাঁর অভিজ্ঞতা ও মতামত বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশেও ইসলামি ব্যাংকিং নিয়ে কাজ করা আলেম, গবেষক ও পেশাজীবীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। প্রখ্যাত এই আলেমের জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বিচারপতি হিসেবে তাঁর অভিজ্ঞতা। এই অঞ্চলের আলেমদের মধ্যে দ্বিতীয় কারও এমন অভিজ্ঞতা নেই। তিনি পাকিস্তানের ফেডারেল শরিয়াহ কোর্টে দায়িত্ব পালন করেছেন। পরে দেশটির সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ফলে ইসলামি আইন ও প্রচলিত রাষ্ট্রীয় আইন—দুই ধারার বিচারব্যবস্থা সম্পর্কে তাঁর রয়েছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। আদালতে দায়িত্ব পালনকালে আইন, শরিয়াহ ও বিচারিক বাস্তবতার নানা দিক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। একজন প্রথিতযশা আলেমের পাশাপাশি আধুনিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালনের এই অভিজ্ঞতা তাঁকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। বিচার ও আইন বিষয়ে তাঁর মতামতও এ কারণে বিশেষ গুরুত্ব বহন করে। মুফতি সাহেব জনপ্রিয় একজন লেখকও। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাঁর রচিত ও সংকলিত গ্রন্থের সংখ্যা অনেক। হাদিস, ফিকহ, ইসলামি অর্থনীতি, রাজনীতি ও সমকালীন নানা বিষয়ে তিনি লিখেছেন। এসবের বেশির ভাগই বাংলায় অনূদিত হয়েছে। তাঁর এক বইয়ের একাধিক অনুবাদ প্রকাশিত হয়েছে। তাঁর ‘ইসলাহি খুতুবাত’ থেকে রচিত অসংখ্য বই বাজারে রয়েছে। এই মুহূর্তে বাজারে তাঁর নামে চলমান বইয়ের সংখ্যা শয়ের কোটা স্পর্শ করবে। ফলে বাংলাদেশের পাঠক মহলেও তাঁর ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। তাঁর লেখার বিশেষত্ব হলো, গভীর গবেষণার বিষয়ও তিনি সহজ ভাষায় তুলে ধরেন। যুক্তির ধারাবাহিকতা ও সাবলীল উপস্থাপনা তাঁর লেখাকে পাঠকের কাছে আকর্ষণীয় করে তুলেছে। শ্রদ্ধা ও ভালোবাসার মিনার প্রখ্যাত এই আলেমের বক্তব্যে প্রজ্ঞা, ভারসাম্য ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। জটিল ধর্মীয় ও সামাজিক বিষয়ে তিনি ভেবেচিন্তে মত দেন। আবেগের চেয়ে দলিল, যুক্তি ও বাস্তবতাকে বেশি গুরুত্ব দেন। সমকালীন মুসলিম বিশ্বের সংকট, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক নানা সমস্যা নিয়ে তাঁর নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। কোনো বিষয়ে কথা বলার আগে তার বিভিন্ন দিক বিবেচনায় নেওয়ার চেষ্টা করেন তিনি। এ কারণে তাঁর বক্তব্যে যেমন ইলমি গভীরতা থাকে, তেমনি থাকে বাস্তবতার প্রতিফলন। বিশেষ করে নতুন প্রজন্মের আলেমদের কাছে তাঁর চিন্তাশীল বক্তব্য ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বেশ আকর্ষণীয়। এটাও তাঁর জনপ্রিয়তার একটি কারণ। বাংলাদেশের কওমি মাদরাসার সঙ্গে মুফতি মুহাম্মদ তাকী উসমানীর রয়েছে গভীর ইলমি ও আত্মিক বন্ধন। ছদর সাহেব খ্যাত মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ., মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.সহ এদেশের অগণিত বুজুর্গের সোহবত তিনি পেয়েছেন। তাদের নিয়ে তিনি নিজের স্মৃতিচারণমূলক বই নুকুশে রফতেগাঁ’য় আলোচনাও করেছেন। এছাড়াও বাংলাদেশের বহু আলেমের সঙ্গে তাঁর ইলমি যোগাযোগ ও পরিচয় রয়েছে। এ দেশের আলেমদের কাছে তিনি শুধু পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় আলেম নন; বরং উপমহাদেশের বৃহত্তর ইলমি পরিবারের শ্রদ্ধাভাজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর বাংলাদেশ সফর তাই আলেমদের কাছে বিশেষ আবেগ ও আগ্রহের বিষয়। তাঁর ব্যাপক জনপ্রিয়তার একটি বড় কারণ নতুন প্রজন্মের আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা। সিহাহ সিত্তাহর প্রসিদ্ধ কিতাব জামে তিরমিজির উর্দু শরাহ ‘দরসে তিরমিজি’ ব্যাপক প্রসিদ্ধ। এদেশে যারা দাওরায়ে হাদিস পড়েন তাদের প্রায় সবাই এই ব্যাখ্যাগ্রন্থটি দ্বারা উপকৃত হন। এছাড়াও তাঁর অন্যান্য কিতাবাদি, বক্তব্য ও গবেষণাকর্ম তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফলে তরুণদের অনেকে তাঁকে নিজেদের চিন্তা ও জ্ঞানচর্চার একজন আদর্শ ব্যক্তিত্ব মনে করেন। তাঁর বাংলাদেশ সফরে সরাসরি দেখা, কথা শোনা এবং সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু তরুণ আলেম ও শিক্ষার্থী। লেখক: প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল; সম্পাদক, লেখকপত্র আইও/ |