
|
নাটোরে খাদে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু
প্রকাশ:
১৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝোই একটি ট্রাক খাদে পড়ে রিপন হোসেন নামক এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত রিপন হোসেন পাবনার হেমায়েতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, দিনাজপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাক নাটোরের হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙ্গে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন নিহত হন। তিনি জানান, এসময় ট্রাক চালক মাসুদ রানা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে, হেলপারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইও/ |