তওবা করে আল্লাহর পথে ফেরাই মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: আজহার মাদানী
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী এ সভায় দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী আল্লামা হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর নাতি মাওলানা আজহার মাদানী বলেন, নিজের অপরাধ উপলব্ধি করে আল্লাহর কাছে তওবা করা এবং সংশোধিত জীবনের পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বান্দার গুনাহ যত বড় বা সংখ্যায় যত বেশিই হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, বান্দা আন্তরিকভাবে তওবা করে গুনাহ থেকে ফিরে এলে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে তা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। তাই অতীতের গুনাহের জন্য অনুশোচনা, আন্তরিক তওবা ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হতে হবে। আল্লাহর রহমতের প্রতি আশা রেখে প্রত্যেককে তাঁর পথে ফিরে আসতে হবে।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা কক্সবাজারের রামু উপজেলার প্রখ্যাত বুযুর্গ মনীষী মাওলানা হোসাইন আহমদ (রহ.)। বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের প্রখ্যাত দাঈ ও লেখক এবং আল-জামিয়া আল-ইসলামিয়া মসীহুল উলূম, বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শোয়াইব উল্লাহ খান মিফতাহী।

তিনি বলেন, দুনিয়া মানুষের চিরস্থায়ী ঠিকানা নয়; বরং জান্নাতই মুমিনের প্রকৃত ও চূড়ান্ত গন্তব্য। তাই জান্নাত প্রত্যাশী প্রত্যেক মানুষকে স্বচ্ছ ঈমান, নেক আমল ও উত্তম আখলাকের মাধ্যমে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন অতিবাহিত করতে হবে। ঈমান, আমল ও আখলাকের পরিশুদ্ধতা অর্জনের অন্যতম প্রধান কেন্দ্র হলো মাদ্রাসা। তাই মুমিনদের সঙ্গে মাদ্রাসার সম্পর্ক হতে হবে অত্যন্ত সুদৃঢ়। দ্বীনি শিক্ষার প্রসার ও মাদ্রাসার উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নিয়ামত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

সভায় প্রধান বক্তা ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ও চট্টগ্রাম জামিয়াতুন নূর আল-আলমিয়্যাহর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। তিনি ইসলামী শিক্ষা-সংস্কৃতির বিকাশে ঐতিহ্যবাহী এ মাদ্রাসার অবদানের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মোজ্জাম্মেল হক ও সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আরিফের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা ছিলেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, চট্টগ্রাম জামিয়াতুন নূর আল-আলমিয়্যাহর মুহাদ্দিস মাওলানা মুফতি বুরহান উদ্দিন, মাওলানা আতাউল মতিন, কোটবাজার জামিয়া আশরাফিয়া আজিজুল উলুমের পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ রফিক, নানুপুর জামিয়া আজিজিয়া সুলতানুল উলূম খিরামের মুহতামিম মাওলানা আনাস সুলতানী, জামিয়া দারুল উলূম চাকমারকুলের সিনিয়র শিক্ষক মাওলানা হারুন জদিদ এবং জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা সিরাজুল কবির, মাওলানা নুরুল হুদা, মাওলানা মাহমুদুল হাসান তারেক প্রমুখ।

বার্ষিক সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হয়। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস ও নূরানী শিক্ষাবোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

সভা উপলক্ষে মাদ্রাসার আর-রশিদ সাহিত্য কাফেলার উদ্যোগে প্রকাশিত দেয়ালিকাসহ বিভিন্ন সৃজনশীল উদ্যোগ দেখে আগত অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন।

শেষে আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এ বার্ষিক সভার সমাপ্তি ঘটে।

এসএইচ/