
|
আলেম-ওলামাদের সমর্থনেই সরকার ক্ষমতায় এসেছে: হুইপ দুলু
প্রকাশ:
১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আলেম-ওলামাদের সমর্থন ও সহযোগিতার কারণেই বর্তমান সরকার ক্ষমতায় আসতে পেরেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং আলেম-ওলামাদের যথাযথ সম্মান করে। তবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজীদের সামাজিক ও ধর্মীয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে হুইপ দুলু বলেন, মুসলিম নর-নারীর বিয়ে সম্পন্ন করার মতো পবিত্র দায়িত্ব পালন করেন কাজীরা। ইতিহাসেও বিভিন্ন সময়ে রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানেরা কাজীদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সে সময় আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে বিভিন্নভাবে অসম্মানিত করা হতো। তবে মিথ্যা কখনো স্থায়ী হয় না, সত্য একসময় প্রতিষ্ঠিত হয়। দেশের সার্বিক পরিস্থিতিতে আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি। নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস দিয়ে হুইপ দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সে ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দেন তিনি। সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ও মহাসচিবসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অনেকে অনুষ্ঠানে বক্তব্যও দেন। এসএইচ/ |