উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এশার নামাজের পর স্থানীয় চুলাশ উখারী বাজার শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়সহ আশপাশের এলাকা থেকে শত শত মানুষ অংশ নেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মাহতাব ছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় সিরামিক কোম্পানি গ্রেট ওয়ালে AGM হিসেবে কর্মরত। পরিবারটি রাজধানীর উত্তরায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।