|| ফাতেমা বিনতে নুরুদ্দীন ||
নিভৃতে থেকে এদেশে প্রত্যন্ত অঞ্চলে যেসব আলেম কাজ করে গেছেন; তাদের অন্যতম মাওলানা নূরুদ্দীন (রহ.)। নিজ এলাকা কিশোরগঞ্জের নিকলীতে তিনি বড় হুজুর নামে অধিক পরিচিত ছিলেন। তার হাত ধরে হাওর অঞ্চলে দূর হয়েছিল বেদাত-শিরকি কার্যকলাপ। ফুটেছিল সত্যের আলো।
জন্ম ও বংশ পরিচয়: কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার পূর্ব-দক্ষিণ কোণে জলমগ্ন হাওরের বুক চিরে আবহমান কাল ধরে শির উঁচিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে শ্যামলিমার আকার ছাতিরচর গ্রাম। ঘোড়াউত্রার অববাহিকায় অবস্থিত এই প্রত্যন্ত লোকালয়ে ভাটি এলাকার গৌরব এবং ছাতিরচর গ্রামের তথা নিকলী উপজেলার প্রথম ও প্রবীণ আলেমে দ্বীন হমাওলানা নূরুদ্দীন বড় হুজুর (রহ.) ২১ মার্চ ১৯৬১ খ্রিষ্টাব্দে সম্ভ্রান্ত বংশে কাজী বাড়িতে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম নোয়া গাজী এবংমায়ের নাম আলেকজান। এই দম্পত্তির ৮ ছেলে ও ৪ মেয়েসহ ১২ সন্তানের মাঝে মাওলানা নূরুদ্দীন (রহ.) ছিলেন দশম।
